নিজস্ব প্রতিনিধিঃ
ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উদ্যোগে “পলাশী ট্রাজেডি ও আজকের বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৪ টায় জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে ঘন্টাব্যাপী চলা আলোচনা সভায় বক্তারা পলাশীর পরাজয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, জাতির দুর্বলতা, বিভেদ ও স্বার্থপরতা একটি দেশকে কত বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে, পলাশীর ঘটনা তার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তারা বর্তমান প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে দেশপ্রেম, নৈতিকতা, সততা ও পারস্পরিক ঐক্যের চর্চার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উপদেষ্টা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক রমজান আলী বলেন, পলাশী ট্রাজেডি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ধর্মীয় মূল্যবোধ এবং জাতিগত বিবাদের ফলে একটি জাতি কিভাবে ধ্বংস হয়ে যায়। সেই সাথে মুসলিম শাসনেরও অবসান ঘটে । তাই আমাদের সকলকে জাতিগত বিবেদ এবং মীর জাফরদের বিষয়ে সজাগ থাকতে হবে।
বক্তারা ধর্মীয় মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বলেন, ইসলামের শিক্ষা মানুষকে সত্য, ন্যায়বিচার, আমানতদারিতা ও ভ্রাতৃত্ববোধের পথে পরিচালিত করে। ব্যক্তি ও সমাজ জীবনে এসব মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে একটি শক্তিশালী, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সভায় উপস্থিত অতিথিগণ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির সভাপতি মাওলানা ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আজিজুল হক, সাংবাদিক শামসুল আলম সেলিম, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, সমাজসেবক বুরহান উদ্দিন সুমনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্সটনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।