মিঠামইন প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আবদুল গনি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধের জেলা প্রশাসক বরাবর দুর্নীতি ও অনিয়মের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক তদন্ত কমিটি গঠন করেছেন বলে জানা যায়। উক্ত তদন্ত কমিটি অভিযোগের বিষয়ে আগামী ২১ জুলাই জেলা শিক্ষা বিভাগ সরেজমিনে গিয়ে তদন্ত করার কথা রয়েছে।
সম্প্রতি ঘাগড়া আব্দুর গনি উচ্চ বিদ্যালয়ের সদ্য সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি শামসুজ্জামান ভূইয়া রিটু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের বরাবর একটি লিখিত অভিযোগ করেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের জন্য জেলা শিক্ষা অফিসার শামসুন নাহার মাকসুদা দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
তার এক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে আগামী ২১ জুলাই সহকারি শিক্ষা পরিদর্শক মোঃ মুদ্দাসসির হায়দার এবং সহকারি শিক্ষা পরিদর্শক জাহিদুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত করবেন।
অভিযোগে জানা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ ভুয়া বিল ভাউচার দিয়ে বিদ্যালয়ের টাকা আত্মসাৎ করেছেন । কোনো উন্নয়নমূলক কার্যক্রম করেন না তিনি। সহকারি শিক্ষকদের সাথেও তিনি আপত্তিকর আচরণ করেন।এছাড়াও ২০১৭ সালে হারুনুর রশিদ নিয়োগ বিধি লঙ্গনের মধ্য দিয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন এবং ষড়যন্ত্রমূলক।