নিজস্ব প্রতিনিধিঃ
জেলার করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কান্দাইল বড় হাওরে কৃষিজমির মাটি কেটে বিক্রি ও অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ৩টি ভেকু (খননযন্ত্র) জব্দ করা হয়েছে। একই সঙ্গে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্টদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা।
অভিযানকালে দেখা যায়, কৃষিজমির মাটি কেটে বিক্রি এবং অনুমোদন ছাড়াই পুকুর খননের কার্যক্রম চলছিল। এ সময় অবৈধভাবে ব্যবহৃত ৩টি ভেকু জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দায়ীদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় আদালতকে সার্বিক সহযোগিতা করেন করিমগঞ্জ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা, জানিয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধ মাটি কাটা, পুকুর খনন এবং প্রাকৃতিক সম্পদ বিনষ্টের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।