মো. আব্দুস ছলিম, বাজিতপুর থেকেঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কটিয়াদী আগমন উপলক্ষে কিশোরগঞ্জের বাজিতপুরে বিএনপির প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ আগস্ট) উপজেলার বাঁশমহলে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফজল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সহ সভাপতি মো. নূরুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের বিএনপির সংসদ সদস্য বলেন, তারেক রহমানের কটিয়াদি আগমনকে কেন্দ্র করে বাজিতপুর-নিকলীর সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার যে রাজনৈতিক অঙ্গীকার, তা বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, কটিয়াদিতে তারেক রহমানকে স্বাগত জানাতে বাজিতপুর থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। এ আয়োজনকে সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির বলেন, তারেক রহমানের কটিয়াদি আগমন দলীয় নেতাকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। এ উপলক্ষে বাজিতপুর উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে দলের প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা এখনও অটুট রয়েছে। তিনি আরও বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এ কর্মসূচিকে সফল করতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সহ-সভাপতি অধ্যাপক তোফাজ্জল হোসেন বাদল, তাজুল ইসলাম, উপজেলা যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, দপ্তর সম্পাদক মুজতবা আলী জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খাজা মোল্লা, সরারচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রুবেল ভূইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় তারেক রহমানের কটিয়াদী আগমন উপলক্ষে বাজিতপুর থেকে নেতাকর্মীদের অংশগ্রহণ, যাতায়াত, শৃঙ্খলা এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে কর্মসূচিকে সফল করতে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।