নিজস্ব প্রতিনিধিঃ
ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিল ও ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে কিশোরগঞ্জেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২ জুন) সকালে শহরের বড়বাজার ইসলামী ব্যাংক কিশোরগঞ্জ শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কিশোরগঞ্জ জেলা শাখা।
মানববন্ধনে বক্তারা বলেন, ইসলামী ব্যাংক একসময় দেশের ব্যাংকিং খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এবং এশিয়ার বৃহৎ ব্যাংকগুলোর মধ্যেও এর অবস্থান ছিল উল্লেখযোগ্য। কিন্তু বিগত ফ্যাসিষ্ট আওয়ামী সরকারের আমলে এস আলম গ্রুপের মাধ্যমে ব্যাপক অনিয়ম ও লুটপাটের কারণে ব্যাংকটি চরম অর্থ সংকটের মুখে পড়ে।
পরবর্তীতে গ্রাহক, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।
বক্তারা অভিযোগ করেন, ব্যাংক খাতে অনিয়ম ও অর্থ লুটপাটের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পুনরায় গুরুত্বপূর্ণ পদে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষ করে খুরশিদ আলমকে পুনর্বহালের প্রচেষ্টায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে গ্রাহকদের আমানত আবারও ঝুঁকির মুখে পড়তে পারে।
তারা বলেন, ইসলামী ব্যাংককে রক্ষা এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে তাদের আন্দোলন শুরু হয়েছে এবং খুরশিদ আলমকে অপসারণ না করা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা দেশের সকল গ্রাহককে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
মানববন্ধন থেকে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন, জনগণের উদ্বেগ ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে বিষয়টি বিবেচনা করা উচিত। ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দক্ষ, গ্রহণযোগ্য ও স্বচ্ছ নেতৃত্বের মাধ্যমে ব্যাংকটি পরিচালনার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংককে ঘিরে গ্রাহকদের মধ্যে যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। ব্যাংকটির প্রতি জনগণের আস্থা অটুট রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আরাফাত হোসেন, সদস্য মোঃ সিরাজুল ইসলাম, ইমতিয়াজ উদ্দিন, হাফেজ হেলাল উদ্দিন, শরিফুল ইসলাম, আলী আকবরসহ শতাধিক ইসলামি ব্যাংকের গ্রাহকরা।