নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মোঃ শাহীন রেজা চৌধুরী ও কাজী রেহা কবির সিগমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তাঁদের দুইজনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে। ফলে তাঁদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিংবা নির্বাচন করার পথে আর কোনো বাধা রইল না।
এর আগে রোববার (৪ জানুয়ারি) কিশোরগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। ওইদিন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের মোট ৯ প্রার্থীর মধ্যে চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ আসনে অন্য মনোনয়নপত্র বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপি প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের স্থগিত উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. ফজলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এডভোকেট মো. রোকন রেজা শেখ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী এডভোকেট বিল্লাল আহমেদ মজুমদার, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. জয়নাল আবেদিন এবং ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী নুরুল ইসলাম।
বাতিল ৪ জন প্রার্থীর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর, ডাঃ শাহীন রেজা চৌধুরী, সাবেক জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আবদুর রহিম মোল্লা ও একমাত্র মহিলা প্রার্থী কাজী রেহা কবির সিগমা।
জানা গেছে, অধ্যাপক ডাক্তার শাহীন রেজা চৌধুরী চক্ষু সেবা দিয়ে ফিরিয়ে দিচ্ছেন অসহায় দৃষ্টিহীনের দৃষ্টি। অন্ধত্ব থেকে রক্ষা পাচ্ছে প্রান্তিক এলাকার অতি দরিদ্র মানুষজন। বিনামূল্যে ছানি অপারেশনসহ চক্ষু চিকিৎসার নানা রকমের সহযোগিতা দিয়ে মানবিক ডাক্তারে পরিণত হয়েছেন তিনি।
তিনি প্রতিষ্ঠা করেছেন দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা, কলাবাগান, ভুতের গলি, ৪ সার্কুলার রোড, ঢাকা, ডাস চক্ষু হাসপাতাল, মোহাম্মদপুর, চাঁদ উদ্যান ঢাকা। এছাড়া ঢাকায় প্রতি শুক্রবার কলাবাগানে আনোয়ার হোসেন ফ্রি ফাইডে চক্ষু সেবায় বিনা মূল্যে সপ্তাহে একদিন সেবা দিয়ে যাচ্ছেন। দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস) ঢাকা-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপক ডাঃ মো শাহীন রেজা চৌধুরী।
অপরদিকে ভাটিররাণী খেত অষ্টগ্রাম উপজেলা সদরের ঐতিহ্যবাহী কাজী বাড়ির মেয়ে কাজী রেহা কবির সিগমাও মাত্র অল্পদিনেই নির্বাচনী মাঠে নেমে আলোচনায় উঠে এসেছে।।