কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে, শাসকের গায়ের চামড়ার রঙ পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এ সময় তিনি আরও বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে চাইছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন স্কুল মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এদেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি। তাই আগামী নির্বাচনে ১১দলের প্রতীকে ভোট চাই আমরা।
নির্বাচনি জনসভায় কিশোরগঞ্জ সদর উপজেলার সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহানের সভাপতিত্বে মামুনুল হক বলেন, চব্বিশের বিপ্লবের মাধ্যমে পুনর্বাসিত কিছু মানুষ নতুন করে ফ্যাসিবাদ ও স্বৈরতন্ত্র ফিরিয়ে আনতে পাগল হয়ে উঠেছে। তারা আবার লুটপাটের উৎসবে মেতে উঠছে, চাঁদাবাজিতে মেতে উঠেছে। বাংলার মানুষ এসবে নাভিশ্বাস উঠেছে চাঁদার পয়সা গুনতে গুনতে।
জনসভায় দুপুর থেকে বিভিন্ন এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেয়। মামুনুল হক তার বক্তৃতার মাঝে কিশোরগঞ্জ-১ আসনের ১১ দলের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের নেতা হেদায়েত উল্লাহ হাদীকে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান। জনসভায় ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।