বেলাবো প্রতিনিধিঃ
নরসিংদী-৪ (বেলাবো-মনোহরদী) আসনের বিএনপির সংসদ সদস্য আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়া এই সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-৪ (বেলাব-মনোহরদী) আসন থেকে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। তার মন্ত্রী হওয়ার খবরে এলাকায় বইছে আনন্দের বন্যা।
আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার খবরে (বেলাব-মনোহরদী) উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের মাঝে দেখা দিয়েছে আনন্দ, উচ্ছ্বাস।
মঙ্গলবার দুপুরে আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল পূর্ণ মন্ত্রী হচ্ছেন এই খবরটি তার নির্বাচনী এলাকায় প্রচার হয়। (বেলাব-মনোহরদী) এই আসনে পূর্ণ মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ। নারায়ণপুর বাজার এলাকায় নেতা-কর্মীরা মিষ্টি বিতরণ করেন।
তিনি বিএনপির হয়ে ১৯৯১, ফেব্রুয়ারি ১৯৯৬ ও ২০০১ সালে নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত হয়ে চার বার সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল পর্যায় থেকে দাবি ওঠে তাকে মন্ত্রী করার।
চারবারের নির্বাচিত সৎ, সজ্জন এই সংসদ সদস্যকে এবার পূর্ণমন্ত্রী করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে কৃপণতা করেননি তার নির্বাচনী এলাকার লোকজনসহ দলীয় নেতাকর্মীরা।
বেলাবো উপজেলা যুবদলের নেতা মো:মাসুদ মোল্লা বলেন, আমরা আনন্দিত,আমরা আশা রাখি ওনার হাত ধরে স্বাস্থ্য শাখার মাইলফলক রচিত হবে।
সাবেক ছাত্রনেতা মোঃ কামরুজ্জামান রাসেল বলেন, বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হওয়ার অভিনন্দন জানাই। আমাদের প্রিয় নরসিংদী বাসীর প্রানের দাবী নরসিংদীতে মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করা।সেই সাথে প্রতিটি উপজেলা হাসপাতাল গুলো তে সেবার মান বৃদ্ধি করা এবং ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্র গুলা সচল করে জনগণের সেবার সুযোগ তৈরী করে দেওয়া।
নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার বলেন,দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতার কারণে নরসিংদী জেলা উন্নয়নে পিছিয়ে পড়েছে। যোগাযোগ ব্যবস্থায় সীমাবদ্ধতা ও সামগ্রিক উন্নয়নে স্থবিরতা জেলাবাসীর দীর্ঘদিনের আক্ষেপ। সরদার সাখাওয়াত হোসেন বকুল মন্ত্রী হওয়ায় এই দীর্ঘ বঞ্চনার অবসান ঘটবে, ইনশাআল্লাহ।
মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন বলেন, বিগত দিনে সরদার সাখাওয়াত হোসেন বকুল তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন, যা প্রশ্নাতীত। তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এ অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে।
আমিনুর রহমান আরও বলেন, নরসিংদীবাসীর বিশ্বাস দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। নরসিংদীর উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব হবে। জরাজীর্ণ জনপদের চিত্র পাল্টে যাবে, এমনটাই নরসিংদীর মানুষের আকাঙ্ক্ষা ও দাবি।