মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ
সৌদি আরবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার প্রবাসী মো. বাচ্চু মিয়ার পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা পৌঁছে দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে তিনি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে যান। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং সমবেদনা জানান।
পরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন এমপি জালাল উদ্দিন।
এ সময় তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ সরকার সবসময় বাচ্চু মিয়ার পরিবারের পাশে থাকবে। তিনি আরও বলেন, নিহত বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে আরও আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ- সভাপতি মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল হক চান মিয়া, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজী, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম ভূঁইয়া শ্যামল, সিনিয়র সহ-সভাপতি মাসুদুল আলম সবুজ, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।