মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে সৌদি আরবে ইরানী মিসাইল হামলায় নিহত বাচ্চু মিয়ার শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি নিহত বাচ্চু মিয়া বাড়িতে স্বজনদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার ও নগদ আর্থিক সহায়তা পৌঁছে দেন।
আজ মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮ টায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহত বাচ্চু মিয়ার বাড়িতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি নিহত বাচ্চু মিয়ার মা, স্ত্রী ও সন্তানদের সাথে সাক্ষাৎ করে খোঁজ খবর নেয়। এসময় তিনি নিহতের পরিবারকে শান্তনা দেন পাশাপাশি লাশ দেশে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাদের আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ সরকার নিহত বাচ্চু মিয়ার পরিবারের পাশে থাকবে। বাচ্চু মিয়ার মরদেহ দেশে আনার চেষ্ঠা করা হচ্চে। লাশ দেশে ফিরিয়ে আনতে যাবতীয় খরচ সরকার বহন করবে এবং বিদেশের যে কোম্পানীতে বাচ্চু কাজ করতো সেই কোম্পানী থেকে ক্ষতিপূরণ আদায়েরও চেষ্টা করা হবে। তিনি আরও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যু অত্যন্ত দুঃখজনক। সরকার সব সময় প্রবাসী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
নিহত বাচ্চু মিয়ার পরিবার প্রধানমন্ত্রীর সহানুভূতি ও অর্থ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সহায়তা তাদের কিছুটা হলেও সাহস ও সান্তনা জুগিয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্যা ভূঁইয়া, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. মোহাম্মদ জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খাঁন, কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম শফিক, মিজানুর রহমান স্বপন, জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিটু, শফিকুল ইসলাম ফুলু সামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান, হাজী মোহাম্মদ আলী, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী’র সফরসঙ্গীবৃন্দ।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে দেশটির আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে মো. বাচ্চু মিয়াসহ দুইজন বাংলাদেশি নিহত হন।