করিমগঞ্জ প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “ভূমি সেবা মেলা-২০২৬” উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ মে) করিমগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উম্মে মুসলিমা’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন কবিরের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ভূমি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ এম ওসমান ফারুক (এমপি)।
এসময় আরও উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক আঃ মান্নান দুলাল শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংবাদকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা ভূমি সেবার মান উন্নয়ন, আধুনিক ও ডিজিটাল পদ্ধতির ব্যবহার বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় সহজভাবে পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়াও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানো, সেবার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দ্রুত সময়ের মধ্যে ভূমি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মেলায় ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান, অনলাইন সেবা গ্রহণসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও সরাসরি তথ্য প্রদান করা হয়। উপস্থিত সাধারণ মানুষ এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও জনবান্ধব উদ্যোগ হিসেবে অভিহিত করেন।