নিজস্ব প্রতিনিধিঃ
আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, নির্মল ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রীর তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার (১৩ জুন) কিশোরগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, একটি গাছ শুধু ছায়া বা ফলের উৎস নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়ার নীরব অঙ্গীকার। তাই সবুজ বাংলাদেশ বিনির্মাণের এ মহতী উদ্যোগকে সফল করতে সমাজের সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফের সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ সচিব) জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এল এ শাখা, ট্রেজারী শাখা) মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল, কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, কৃষিবিদ ড. মো. সাদিকুর রহমান, জেলা বিএনপির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য অটুট রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণই হতে পারে সবচেয়ে কার্যকর ও টেকসই উপায়। তাঁরা উল্লেখ করেন, সবুজে ঘেরা একটি বাসযোগ্য পৃথবীগড়ে তুলতে প্রত্যেক নাগরিকের সক্রিয়অংশগ্রহণ অপরিহার্য। এ লক্ষ্যে গৃহীত বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে কিশোরগঞ্জ জেলার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।
পাশাপাশি জেলা প্রশাসন, সদর উপজেলা প্রশাসন ও কিশোরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কর্মসূচির সফল বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা, নিবিড় তদারকি ও সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে, কিশোরগঞ্জ সদর,উল্লাস ডিসি পার্ক চত্বরে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।