মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদান কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের কটিয়াদীতে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
মানবিক রাষ্ট্র গঠনের অংশ হিসেবে অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় লাঘব এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
আজ বুধবার (২২ জুলাই) কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চিকিৎসা সহায়তার চেক তুলে দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।
অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সজল সরকার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জাইদুল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদ এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তাছরিফুল হাছিব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বর্তমান সরকার সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। চিকিৎসার অভাবে যেন কোনো মানুষ কষ্ট না পায়, সে লক্ষ্যেই সরকার বিভিন্ন সময় বিশেষ অনুদান ও চিকিৎসা সহায়তা প্রদান করছে।
তিনি আরও বলেন, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, অসচ্ছল মানুষের চিকিৎসা ব্যয় অনেক সময় তাদের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করে। সেই কষ্ট লাঘব করতেই সরকার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে বিশেষ অনুদানের ব্যবস্থা করেছে। এ ধরনের সহায়তা শুধু আর্থিক সহযোগিতাই নয়, বরং অসহায় মানুষের প্রতি রাষ্ট্রের দায়িত্ববোধ ও মানবিকতার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো একটি কল্যাণরাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল ইতোমধ্যে দেশের লাখো মানুষ ভোগ করছেন। চিকিৎসা সহায়তার এ বিশেষ অনুদান কর্মসূচিও দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে মোট আটজন অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তির প্রত্যেকের হাতে চিকিৎসা সহায়তা বাবদ ১০ হাজার টাকা করে মোট ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উপকারভোগীরা সরকারের এ মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উপকারভোগী, সুধীজন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।