কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৪১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সাদ্দাম নামে এক পলিথিন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার (১ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর, কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সদর উপজেলার গাইটাল পাক্কার মাথা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী সাদ্দাম দেশের বিভিন্ন স্থান থেকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত ক্ষতিকর পলিথিন শপিং ব্যাগ অবৈধভাবে সংগ্রহ করতেন। এরপর সুযোগ বুঝে সেগুলো কিশোরগঞ্জ স্থানীয় বিভিন্ন বাজার ও দোকানে পাইকারি সরবরাহ করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে গাইটাল পাক্কার মাথা এলাকায় হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাতেনাতে ৪১৫ কেজি পলিথিনসহ তাকে পাকড়াও করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সূফি সাজ্জাদ আল ফোজায়েল। আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা।
পরিবেশ অধিদপ্তর জানায়, ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’ অনুযায়ী নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ পরিবহন ও বিপণনের দায়ে ওই ব্যবসায়ীকে নগদ জরিমানা করা হয় এবং জব্দকৃত ৪১৫ কেজি পলিথিন আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযান শেষে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে নিষিদ্ধ পলিথিনের পরিবেশগত ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালানো হয় এবং পলিথিনের পরিবর্তে চটের বা কাপড়ের ব্যাগ ব্যবহারের আহ্বান জানানো হয়।
কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মমিন ভূইয়া বলেন, নিষিদ্ধ পলিথিন পরিবেশ ও মাটির জন্য এক মারাত্মক হুমকি। এর ব্যবহার, পরিবহন, মজুত ও বিপণনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এই বিশেষ ও নিয়মিত অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষায় আমরা কোনো ছাড় দেব না।