রুহুল আমিন, তাড়াইল থেকেঃ
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় উন্নয় সমন্বয় কমিটির সভা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় তাড়াইল উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ও উন্নয়ন সমন্বয় পরিস্থিতির সামগ্রিক চিত্র পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিসান আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (আহ্বায়ক) সিদ্দিকুর রহমান, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ কর্মকর্তা জালাল উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার আমীর হাবিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকী, ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সভাপতি মাওলানা এনামুল হক বড় হুজুর, সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, তাড়াইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট রঞ্জন দাসসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।
সভায় যাননজট দূরীকরণ, সিলিন্ডার গ্যাসের অবাধ মজুদ করে বাজারে অস্থিরতা সৃষ্টি করা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালনা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে কঠোর মনিটরিংয়ের বিষয়েও আলোচনা হয়।
এছাড়া মাদকের বিস্তার রোধে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।