বিশেষ প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নোঙর করা একটি মালবাহী নৌকায় গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে আশুগঞ্জ নৌকা ঘাটে এই ঘটনা ঘটে। ডাকাতদল নৌকার স্টাফদের হাত-পা বেঁধে মারধর করে নগদ টাকা, মোবাইল ফোন এবং বিপুল পরিমাণ সিগারেট লুটে নিয়েছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুন্দিয়া খলাপাড়া গ্রামের আরিফ মাঝির মালিকানাধীন ‘এমবি জাইফা পরিবহন’ নামের নৌকাটি ভৈরব বাজার থেকে মালামাল লোড করে সুনামগঞ্জের সাচনা বাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল।
মঙ্গলবার (৭ এপ্রিল) সারাদিন মালামাল বোঝাই করার পর রাতে ঝড়ের আশঙ্কায় নিরাপত্তার খাতিরে নৌকাটি আশুগঞ্জ ঘাটে নোঙর করা হয়।
রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ৮ জনের একটি সশস্ত্র ডাকাত দল অতর্কিত নৌকায় ওঠে। ওই সময় নৌকার স্টাফরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ডাকাতরা ধারালো ছুরি, দা এবং আগ্নেয়াস্ত্র নিয়ে নৌকায় প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে।
ডাকাতরা নৌকায় উঠেই তামাকজাত পণ্যের খোঁজ করতে থাকে। তখন তারা ১১ কার্টুন বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, নগদ ৩০ হাজার টাকা ও ৪টি দামী টাচ মোবাইল ফোন নিয়ে যায়।
তখন ডাকাতদের বাধা দিতে গিয়ে মারধরের শিকার হয় নৌকার সুকানি কাউসার, মো. আফজাল, মো. মাসুম রিফাত, সোহরাফ ও দুলাল মিয়া
নৌকার মালিক আরিফ মিয়া বলেন, ঝড়ের ভয়ে নিরাপদ আশ্রয়ে থাকতে গিয়েই আমাদের নৌকা এই ভয়াবহ বিপদের মুখে পড়েছে। ডাকাতরা চলে যাওয়ার পর আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় নৌ-শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা দ্রুত নৌ-পথে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন।
ভৈরব নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত পোদ্দার জানান, ঘটনাটি জানার পরপরই আমি দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।