মো: আব্দুস ছলিম, বাজিতপুর থেকেঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়নের পশ্চিম কুতুবপুর গ্রামে হারভেস্টার মেশিনে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাচ নামে এক কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে হারভেস্টার মেশিনে ধান কাটার সময় তুচ্ছ বিষয় নিয়ে কৃষক পক্ষ ও মেশিনের চুক্তিভিত্তিক মালিক পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় এলাচ নামে এক কৃষক আহত হন। পরে তাকে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা যায়।
আহত কৃষক এলাচ অভিযোগ করেন, ধান কাটার বিষয় নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করা হয়েছে। পাশাপাশি তার বসতঘরেও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অন্যদিকে অভিযুক্ত হারভেস্টার মেশিনের চুক্তিভিত্তিক মালিক বাবুল এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে অপমানজনক ভাষায় গালিগালাজ করা হয়েছে এবং তার পরিবারের সদস্যদের নিয়েও কটূক্তি করা হয়েছে। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।
পরে উভয় পক্ষই সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরে প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, গ্রামাঞ্চলে বর্তমানে হারভেস্টার মেশিন ব্যবহারের ফলে জমির মালিক, শ্রমিক ও মেশিন সংশ্লিষ্টদের মধ্যে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে। এসব বিরোধ দ্রুত সমাধান না হলে বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।