বিশেষ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগসংবলিত মিথ্যা সংবাদ প্রকাশের পর এর তীব্র প্রতিবাদ ও নিন্দার ঝড় উঠেছে কিশোরগঞ্জ জেলা জুড়ে। দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার মানুষ এসব অসত্য সংবাদ প্রকাশ করে শরীফুল আলমের মানহানীর প্রতিবাদ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সংবাদটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সংবাদটিকে ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে ষড়যন্ত্রমূলক বলে দাবি করছেন।
কুলিয়ারচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ সালাম সুমন বলেন, অভিযোগটিকে হাস্যকর ও অবিশ্বাস্য । তিনি আরও বলেন, যারা এই সংবাদ প্রকাশ করেছে তারা রপ্তানি বাণিজ্য সম্পর্কে যেমন সঠিক ধারণা রাখে না, তেমনি ব্যক্তি শরীফুল আলম, রাজনীতিবিদ শরীফুল আলম এবং ব্যবসায়ী শরীফুল আলম সম্পর্কেও তাদের জ্ঞান অত্যন্ত সীমিত। একজন ব্যক্তি যিনি প্রতিবছর ৩৩ কোটি টাকারও বেশি যাকাত প্রদান করেন, তিনি কেন ৩৩ কোটি টাকা বিদেশে পাচার করবেন-এ প্রশ্নই যথেষ্ট।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের অর্থায়নে সম্প্রতি কিছু অনলাইন মাধ্যম গড়ে উঠেছে, যাদের প্রধান কাজ বিএনপির পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে তাদের সম্মানহানি করা এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার চেষ্টা করা। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ প্রয়োজন।
অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট নিউজ পোর্টালের সঙ্গে যোগাযোগ করা হলে তারা নিজেদের কোনো স্বাধীন তথ্যসূত্র বা প্রমাণ উপস্থাপন করতে পারেনি। বরং অন্য একটি পত্রিকার প্রতিবেদনের সূত্র উল্লেখ করেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই পত্রিকার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা শরীফুল আলম এমপির বিরুদ্ধে পুরোনো, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ পুনরায় সামনে এনে তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্রদল।প্রতিবাদলিপিতে কিশোররগঞ্জ জেলা ছাত্রদল উল্লেখ করেছে যে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে শরীফুল আলমের বিরুদ্ধে যেসব ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ আনা হয়েছিল, পরিকল্পিতভাবে সেই পুরোনো ইস্যুগুলোকে বর্তমান সময়ে পুনরায় সামনে আনা হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই একটি কুচক্রী মহল এই নোংরা অপপ্রচার ও চরিত্রহননের খেলায় মেতে উঠেছে।
জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ দৃঢ় কণ্ঠে বলেন, “দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় সততা, ত্যাগ, জনসেবা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে শরীফুল আলম যে সম্মান ও আস্থা অর্জন করেছেন, তা কোনোভাবেই কিছু কুচক্রীর মিথ্যাচার ও বিভ্রান্তিমূলক প্রচারণায় বিনষ্ট হবে না। দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন; তারা সত্য ও অপপ্রচারের পার্থক্য খুব ভালোভাবেই বুঝতে সক্ষম।”
নেতৃবৃন্দ আরও বলেন, এ ধরনের রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত এবং হীন মানসিকতার বহিঃপ্রকাশ। এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি, যারা ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে, তাদের চিহ্নিত করে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এদিকে কুলিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান বলেন, জনাব শরীফুল আলম একজন ত্যাগী, সৎ, বিনয়ী ও জনকল্যাণে নিবেদিতপ্রাণ নেতা। দীর্ঘ ১৭ বছর অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার কারণে তিনি বহুবার কারাবরণ করেছেন, কিন্তু কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তার বিরুদ্ধে এমন ত্রুটিপূর্ণ ও একপাক্ষিক সংবাদ আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
তিনি আরও বলেন, “সংবাদটিতে ইসলামি ব্যাংক মতিঝিল শাখার কোনো কর্মকর্তার বক্তব্য নেই, বিএফআইইউ-এর কোনো তদন্ত কর্মকর্তার বক্তব্য নেই এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, সেই প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলমের বক্তব্যও নেননি। সাংবাদিকতার মৌলিক নীতিমালা অনুসরণ না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে বলে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
এম এ হান্নানের দাবি, ভৈরব-কুলিয়ারচর ও কিশোরগঞ্জের উন্নয়নে প্রতিমন্ত্রী শরীফুল আলমের নিরলস ভূমিকার কারণে একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি কুলিয়ারচর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এব্যাপারে ইটনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন বলেন, মাননীয় প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে অসত্য, ভিত্তিহীন ও ষড়যন্ত্রমূলক মানহানীকর সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে আইনি প্রতিকারের দাবি জানাচ্ছি।
এব্যাপারে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ জানান, মাননীয় প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে মিথ্যা, ষড়যন্ত্রমূলক এবং মানহানীকর অসত্য সংবাদ প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ বিষয়ে প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম গণমাধ্যমকে বলেছেন এসব সম্পূর্ণ মিথ্যা এবং আমাকে মানহানী করার সুগভীর ষড়যন্ত্রের অংশ। এটা সাংবাদিকতার পরিপন্থীও বটে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের দাবি, অভিযোগের বিষয়ে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।