মাইনুল হক মেনু, কটিয়াদী থেকেঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছেলে হারানোর শোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা। আওয়ামী লীগ নেতা ও সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাব উদ্দিন শাহীনের মৃত্যুর খবর শোনার পরই তার মা মোছা. জোবাইদা মনিরের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, আলতাব উদ্দিন শাহীন সহশ্রাম ধূলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে তিনি এলাকা ছেড়ে গাজীপুরে বসবাস করছিলেন। শনিবার রাত ২টার দিকে গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছানোর প্রায় চার ঘণ্টা পর রোববার সকাল ৬টার দিকে তার মা মোছা. জোবাইদা মনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয়রা জানান, মা-ছেলের এমন পরপর মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক, আর পুরো এলাকাজুড়েও বিরাজ করছে শোকাবহ পরিবেশ।