কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় হাওরের মাঝখানে একটি নির্জন কুঁড়েঘর থেকে সালেক মিয়া (৫০) নামে এক জিরাতি কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে উপজেলার বরীবাড়ি হাওরের একটি ধানক্ষেত থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত সালেক মিয়া কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের সাকুয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইটনার হাওর এলাকায় অন্যের জমিতে জিরাতি (বর্গা) চাষাবাদ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সালেক মিয়া হাওরের মাঝখানে একটি ছোট কুঁড়েঘরে একাকী বসবাস করতেন। সোমবার সকালে এক কৃষক ঘাস কাটতে গিয়ে ঘরের সামনে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা গিয়ে দেখতে পান, তার হাতে একটি মোবাইল ফোন শক্তভাবে ধরা ছিল। ওই ফোনের সূত্র ধরেই পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।
ধারণা করা হচ্ছে, অন্তত এক থেকে দুই দিন আগে নির্জন ওই ঘরেই তার মৃত্যু হয়েছে। জনমানবহীন এলাকা হওয়ায় বিষয়টি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি। স্থানীয়দের প্রাথমিক ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক) তার মৃত্যু হয়ে থাকতে পারে।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিজ গ্রামে নিয়ে যান। সোমবার বিকেলেই পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে সালেক মিয়া চার সন্তান রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।