রুহুল আমিন, তাড়াইল থেকেঃ
সারাদেশের মতো কিশোরগঞ্জের তাড়াইলেও উপজেলা প্রশাসনের আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল থেকে তাড়াইল উপজেলা সদরের বিভিন্ন এলাকায় বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা ও বৈশাখী মেলার আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নেয় সর্বস্তরের মানুষ।
সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নানা রঙের ব্যানার, মুখোশ, ঢাক-ঢোল এবং বাংলার ঐতিহ্যবাহী নানা প্রতীক স্থান পায়। এতে হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম, তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম, উপজেলা এলজিইডি কর্মকর্তা জাহিদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার- পরিকল্পনা কর্মকর্তা অতীশ দাস রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আল আমিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামীর হোসেন সাকীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষার্থীরা।
এদিন গ্রামীণ ঐতিহ্যকে ধারণ করে আয়োজন করা হয় নানা ধরনের খেলাধুলা, যার মধ্যে ছিল হাঁস ধরা, দড়ি টানাটানি ও হাঁড়ি ভাঙা প্রতিযোগিতা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।