নিজস্ব প্রতিনিধিঃ
বিএনপির নির্বাচনী জনসভায় চেয়ারে বসাকে কেন্দ্র করে ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে বলে জানা যায়।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার (২৩ জানুয়ারী) সন্ধ্যার দিকে কিশোগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ভাতশালা গ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুর রহমানের নির্বাচনী জনসভা চলছিল। তবে অসুস্থতাজনিত ফজলুর রহমান হাসপাতালে ভর্তি থাকার কারণে তিনি জনসভায় উপস্থিত থাকতে পারেননি। জনসভা চলাকালীন কাস্তুল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম কিসমতের নেতৃত্বে একটি মিছিল জনসভাস্থলে পৌঁছায়। এ সময় চেয়ারে বসা কেউবা বলছেন সভা পরিচালনা নিয়ে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়ার সমর্থকদের সঙ্গে যুবদল নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে যুবদল নেতা মাহবুব আলম কিসমতসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন বলে জানা গেছে।
এ বিষয়ে মাহবুব আলম কিসমত অভিযোগ করে বলেন, মিছিল নিয়ে জনসভায় পৌঁছানোর পর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে তিনিসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক মিয়া বলেন, যুবদল নেতা কিসমত ও তার লোকজন তাদের ওপর হামলা করেছে। এতে তিনিসহ ৮-১০ জন আহত হয়েছেন।
এ ব্যাপারে অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সাইদ আহমেদ বলেন, ওয়ার্ড বিএনপি ও ইউনিয়ন যুবদলের ভূলবুঝাবুঝি থেকে সমাবেশ স্থলে হট্টগোল ও চেয়ার টানাটানি হয়েছে। আধাঘন্টার মধ্যেই সমাধান করে পুনরায় নির্বাচনী জনসভা শেষ করে এসেছি। কেউ গুরুত্বর আহত হয়নি বলেও জানান।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েব খান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।