রুবেল মিয়া, অষ্টগ্রাম থেকেঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রীর ওপর হামলা চালিয়েছে মাদকাসক্ত এক বখাটে যুবক। রক্তাক্ত অবস্থায় মৌ আক্তার (১৩) নামে ওই স্কুল ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। ঘটনা পর পরই এলাকাবাসী ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছে।
হামলার শিকার মৌ আক্তার অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে অষ্টগ্রাম উপজেলা সদরের উত্তর হাঁটি গ্রামের মোহন মিয়ার মেয়ে।
অপর দিকে অভিযুক্ত বিল্লাল হোসেন (২৩) অষ্টগ্রাম উপজেলা সদরের আলম দিঘীর পাড় এলাকার মেরাজ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা সূত্রে গেছে, স্কুল ছাত্রী মৌ বিদ্যালয় থেকে টিফিনের সময় বাসায় ফিরছিল। দুপুরে একটার দিকে উপজেলা পরিষদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বিল্লাল হোসেন তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় হাতে থাকা কাচি দিয়ে মৌ-এর গলায় আঘাত করে বিলাল। তার গলার অনেকটা অংশ কেটে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসী বিল্লালকে আটক করে অষ্টগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর বখাটে যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।