বিশেষ প্রতিনিধিঃ
দেশের খাদ্যভাণ্ডারখ্যাত ও মিঠাপানির মৎস্য সম্পদ উৎপাদন এলাকা বৃহত্তর হাওরাঞ্চল। দূর্গম ও বিছিন্ন এই জনপদ সকল সময় উন্নয়ন বঞ্চিত। এই অবহেলিত হাওরাঞ্চলের টেকসই উন্নয়ন, বৈষম্য দূরীকরণ ও দুর্যোগ মোকাবিলায় ‘হাওর উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়’ গঠনের জোরালো দাবি উঠেছে।
অষ্টগ্রাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক এবং অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু সম্প্রতি হাওরাঞ্চলবাসীর পক্ষে নতুন মন্ত্রণালয় গঠনের দাবি তুলেন। এতে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ হাওরাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে।
দেশের জাতীয় অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় হাওরাঞ্চলের অবদান অপরিসীম। দিগন্তজোড়া বোরো ধান এবং সমৃদ্ধ মৎস্য সম্পদ জাতীয় চাহিদার বড় একটি অংশ পূরণ করে। অথচ প্রতিবছর আগাম বন্যা, ফসল রক্ষা বাঁধের অব্যবস্থাপনা এবং অপরিকল্পিত অবকাঠামোর কারণে হাওরবাসী চরম সংকটের মুখোমুখি হন। পাহাড়ি অঞ্চলের উন্নয়নের জন্য পৃথক মন্ত্রণালয় থাকলেও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ কৃষি ও মৎস নির্ভর হাওরাঞ্চলের জন্য নেই স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো। ফলে, এই জনপদের উন্নয়ন কার্যক্রম বিচ্ছিন্নভাবে চলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হচ্ছে। যুগ যুগ ধরে বাঁধাগ্রস্থ হচ্ছে হাওরাঞ্চলের কাঙ্খিত উন্নয়ন।
জনপ্রতিনিধি ও জেলা বিএনপির নেতা সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, অবহেলিত হাওরবাসী বিশ্বাস করে মাননীয় প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমান-এর নেতৃত্বাধীন বর্তমান সরকারই পারে এই জনপদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে। রাষ্ট্র সংস্কার ও সুষম উন্নয়নের যে রূপরেখা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দিয়েছেন, তার প্রতিফলন হিসেবে হাওরবাসী একটি স্বতন্ত্র মন্ত্রণালয় প্রত্যাশা করে। দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে হাওরের কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প, আধুনিক যোগাযোগ, বিশেষায়িত মেডিকেল কলেজ, নদী খননসহ ফসল রক্ষা বাঁধের স্থায়ী সমাধান সম্ভব হবে বলে হাওরবাসী আশান্বিত।
হাওরাঞ্চলের মাটি ও মানুষের নেতা বীর মক্তিযুদ্ধা এড. মো. ফজলুর রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ ও অবদানের কথা উল্লেখ করে বলেন, হাওরের অধিকার আদায়ে সোচ্চার এড. ফজলুর রহমান। তাঁকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দিলে হাওরের সমস্যাগুলো দ্রুত সমাধান করা এবং সমন্বিত উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব হবে বলে মনে করেন, ভাটিররাণি অষ্টগ্রাম’সহ বৃহত্তর হাওরাঞ্চলের সাধারণ মানুষ।
সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, হাওরাঞ্চলের উন্নয়নে নয়া মন্ত্রণালয়ের অধীনে কৃষি, মৎস্য সম্পদ উৎপাদনে আধুনিকায়নসহ এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। সরকার দেশের এই গুরুত্বপূর্ণ জনপদকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, এমনটাই হাওরবাসীর দাবি।